সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা প্রদর্শনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইন, বিধি-বিধান এবং সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে সব সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরের বিভিন্ন কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তির এই ব্যবহারের ফলে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও, অসতর্কতার কারণে সরকারি সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এই ঝুঁকি মোকাবিলায় সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারের সময় তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এআই ব্যবহারের ক্ষেত্রে সরকারের জারি করা নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা অক্ষুণ্ন থাকে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে আরও জানানো হয়, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

