দেবিদ্বারে আওয়ামী লীগ নেতাদের নিয়ে হাসনাত আব্দুল্লাহর সভায় বিএনপির ক্ষোভ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সংচাইল এলাকায় অবস্থিত বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আউয়াল চেয়ারম্যানের প্রভাতী ফিসারিজের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এমপি হাসনাত আব্দুল্লাহ উপস্থিতদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো নিজের ডায়েরিতে নোট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে এই সভায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আউয়াল চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম এবং ছোটশালঘর আওয়ামী লীগের নেতা মো. শাজাহান মাস্টারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনাকে ঘিরে অসন্তোষ দানা বেঁধেছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদদীন সরকার দৈনিক আমার দেশ-কে বলেন, হাসনাত আব্দুল্লাহর কাজের সঙ্গে কথার কোনো মিল নেই। তিনি মাঠে একরকম কথা বলেন আর বাস্তবে কাজ করেন অন্যরকম। তিনি প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য হয়ে তিনি কীভাবে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে মিটিং করেন। জনগণের মধ্যে তার এই আচরণ নিয়ে ক্ষোভ রয়েছে।

এ বিষয়ে বড়শালঘর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আউয়াল চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই বিষয়টি নিয়ে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি এবং ফোনও রিসিভ করেননি।

কন্টেন্ট: সংগৃহীত