বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলার দাবি ইরানের আইআরজিসির

বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম বহরের প্রধান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই আকস্মিক হামলায় মার্কিন নৌঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তাদের হামলায় ঘাঁটির প্রধান জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ আগুন ধরে যায়। এছাড়াও মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, এয়ার কন্ট্রোল রাডার এবং সি-র‍্যাম (C-RAM) আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে বাহিনীটি দাবি করেছে। একইসঙ্গে চালকবিহীন জলযান বা ইউএসভি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্রটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের এই বিশেষ বাহিনীটি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, এটি মূলত একটি ‘প্রতিশোধমূলক অভিযান’ এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই ধরনের আক্রমণ অব্যাহত রাখা হবে। তবে ইরানের সামরিক বাহিনীর এই বড় দাবির সত্যতা এখন পর্যন্ত কোনো স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh