জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুলত্রুটি হতে পারে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের কোনো দল নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। তবে আমরা একটি বিষয় পরিষ্কারভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, এর অর্থ এই নয় যে তারা কোনো ভুল বা অন্যায় করেন না। তিনি জানান, তাদেরও দোষ, অপরাধ বা ভুল হতে পারে। তিনি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি জামায়াতে ইসলামীর কোনো অন্যায় বা অপরাধ কারও নজরে আসে, তবে যেন তা ধরিয়ে দেওয়া হয়। তিনি কথা দিয়েছেন, এমন কিছু ঘটলে তারা অবশ্যই তা সংশোধন করবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আপনাকে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে ভুল সংশোধনের চেষ্টা করা হবে। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে তাদের আর কিছুই করার থাকবে না এবং কঠিন সিদ্ধান্তের দিকে যেতে হবে। তিনি সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সাবধান, সবাই সাবধান।’

কন্টেন্ট: সংগৃহীত