ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দাহ মাদরাসা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ সংঘর্ষে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়েন। এছাড়া ধানবোঝাই ট্রাকের চালক ও বালুবাহী ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হয়, তবে ততক্ষণে তিনি মারা যান।
শৈলকূপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, উদ্ধার অভিযান শেষে চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানুর আলী জানিয়েছেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৪: ৪৬আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৪: ৫৬

