জাবিতে র‍্যাগিং: পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও অশালীন আচরণের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সোমবার দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের নবীন ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে অবস্থিত 'মনপুরা' এলাকায় জড়ো করেন। সেখানে নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং অশালীন আচরণ করা হয়। এই ঘটনাকে র‍্যাগিং হিসেবে গণ্য করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—মো. ফজলে হাসান ফাহাদ (মওলানা ভাসানী হল), মো. আল-আমিন হোসাইন (মওলানা ভাসানী হল), মো. জাহিদ হাসান (মওলানা ভাসানী হল), মো. ফয়সাল আহমেদ (মওলানা ভাসানী হল), মো. মাহমুদুল হাসান খান আকিব (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল), মো. মাহমুদুল আমিন সিয়াম (শহীদ রফিক-জব্বার হল), মো. মোস্তাফিজুর রহমান (শহীদ সালাম-বরকত হল) ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল (শহীদ সালাম-বরকত হল)। বহিষ্কৃতরা প্রত্যেকেই পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সাময়িক বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত