সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

জাদুঘরটির যাত্রা শুরুর পর ব্যবস্থাপনা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল, তা বর্তমানে নিরসন করা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, উদ্বোধনের পরপরই সাধারণ মানুষের ব্যাপক আগ্রহের কারণে সেখানে দর্শনার্থীদের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল, যা ব্যবস্থাপনায় সাময়িক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তবে এখন সেই সমস্যাগুলো সমাধান করে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে নানা ধরনের কথা বা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সেসব ভুল প্রমাণিত করে জাদুঘরটি সফলভাবে চালু হয়েছে। এখন শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ত্যাগের ঘটনাগুলো তাদের মাঝে সঠিকভাবে পৌঁছে দেওয়া হবে।