জুলাই সনদ নিয়ে চক্রান্ত বরদাশত করা হবে না: ফয়জুল করীম

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের প্রতারণা বা চক্রান্তের চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরী তাদের দল বরদাশত করবে না। বুধবার বিকেলে বরিশাল নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের বরিশাল মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে।

ফয়জুল করীম বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে তারা সংগ্রাম করেছিলেন। দেশের ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত ও জীবন দিয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই মূলত জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, এই সনদ বাস্তবায়ন না করা হলে হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা যাবে, যা তারা হতে দেবেন না। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে ফয়জুল করীম দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনের অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের নামে হানাহানি চলছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং ক্যাম্পাসগুলো আবার পুরনো চেহারায় ফিরে যাচ্ছে। তিনি অবিলম্বে শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এর জন্য তারা গণ-অভ্যুত্থানে রক্ত বা জীবন দেননি।

এর আগে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ লোকমান হাকিম। মাওলানা আবুল খায়ের আশরাফির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর শাখার সহসভাপতি মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আবদুল আজিজ এবং সহসম্পাদক মাওলানা নাসির উদ্দীন প্রমুখ।