সাংবাদিক হাফিজুর রহমানের মুক্তির দাবিতে কদমতলী প্রেসক্লাবের মানববন্ধন

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টায় রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন চৌধুরী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতারা সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা এইচ এম আল-আমিন। তিনি বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিককে গ্রেফতারের ঘটনা গণমাধ্যমকর্মীদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা ও হয়রানি বন্ধ করে অবিলম্বে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে ডেইলি বাংলাদেশের সহকারী সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, দেশের যেখানেই সাংবাদিকেরা নির্যাতনের শিকার হবেন, কদমতলী থানা প্রেসক্লাব অন্যায়ের প্রতিবাদে তাঁদের পাশে দাঁড়াবে। হাফিজুর রহমান শফিকসহ অন্যায়ভাবে বন্দি সব সংবাদকর্মীর দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে।

কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন সভাপতির বক্তব্যে বলেন, সাংবাদিকেরা দেশের বিবেক ও সমাজের আয়না। সত্য প্রকাশ করাই যাদের কাজ, তাদের যদি গ্রেফতার ও হয়রানির শিকার হতে হয়, তবে স্বাধীন সাংবাদিকতার আর কিছুই বাকি থাকে না। হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মনগড়া মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কদমতলী থানা প্রেসক্লাব সমগ্র সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।

প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সরকার জামাল, কে এম সোলায়মান, আনোয়ার হোসেন আকাশ, হাসান আলী, এইচ এম হাকিম, রনি মজুমদার, আয়েশা আক্তার, জসিম উদ্দিন, জাকির হোসেন, পনির আহম্মেদ, জাহিদ হাসান ও ইভা রহমানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।