লালমোহনে ‘বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলার লালমোহনে ‘বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিফাত বিন সাদেক এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে তিনটি বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও, প্রতিটি ইউনিয়নে রোপণের জন্য তিনটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করবে।

বৃক্ষরোপণ শেষে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই বলে উল্লেখ করেন। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার ওসি (তদন্ত) মো: মাসুদ হাওলাদার, লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপি’র সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদারসহ উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।