সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে।
