মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় গ্যারেজমালিক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ আলী (৫০) নামের এক গ্যারেজমালিক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদী নগর গ্রামের ফকির আহমদের ছেলে। তিনি পেশায় একজন গ্যারেজমালিক ছিলেন এবং গতকাল রাতে গ্যারেজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, বাড়ি ফেরার পথে বারিয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলীর প্রতিবেশী কামরান মেহেদী প্রথম আলোকে জানান, বারিয়ারহাট পৌর বাজারে মোহাম্মদ আলীর গাড়ি মেরামতের একটি গ্যারেজ ছিল। গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে কাভার্ড ভ্যানচালককে আটকের চেষ্টা করছি। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।’