নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁর দায়িত্বে বহাল থাকবেন। অ্যাডমিরাল নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নৌবাহিনীর চৌকস কর্মকর্তা মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। নিজ ব্যাচে (৮৭এ) তিনি জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই শীর্ষস্থান অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখা মিসবাহ উল আজীম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি। এছাড়াও তিনি ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তৃতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। অসামান্য সাফল্যের জন্য তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেছিলেন।

দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশনেও দায়িত্ব পালন করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত