মুন্সীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন ও র‍্যালি অনুষ্ঠিত

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত এই কর্মসূচিতে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

কর্মসূচির শুরুতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ও শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা প্রাণঘাতী রোগের অন্যতম প্রধান কারণ। বক্তারা জানান, জনস্বাস্থ্যের পাশাপাশি তামাক চাষ ও ব্যবহার পরিবেশ দূষণ এবং কৃষিজমির ব্যাপক ক্ষতিসাধন করে, যা জাতীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

আলোচনায় বক্তারা আরও বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করা জরুরি। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে তরুণ প্রজন্মের মাঝে তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।