রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ থাকবে না

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের কোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বর্তমানে কার্যকর থাকায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ বাতিল হয়ে যাবে। মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য যদি তার দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর দল ত্যাগ করেন বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেন, তবে তার আসন শূন্য হয়ে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে এই অনুচ্ছেদ প্রয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক থাকলেও চিফ হুইপ বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

নির্বাচন নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে চিফ হুইপ বলেন, আগামী ২০ আগস্ট সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাদের বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকারের ভোট প্রদানের মুহূর্তটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হবে। বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মনোনয়ন ফরম দাখিলের সময় প্রধানমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন।

ভোটের দিন প্রধান নির্বাচন কমিশনার সংসদ কক্ষে উপস্থিত থেকে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবেন এবং তিনিই সভায় সভাপতিত্ব করবেন। এদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেছেন, 'জুলাই সনদ' অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত ছিল। তিনি ৭০ অনুচ্ছেদ সংস্কারের পক্ষে মত দিয়ে বলেন, এতে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি গ্রহণযোগ্য হতেন। তবে নির্বাচন যেহেতু হচ্ছে, তাই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় দিতে রাজি নন এবং অলি আহমদকে তারা প্রার্থী ঘোষণা করেছেন।

এর আগে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় অধিবেশন কক্ষের ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণসহ নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।