ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা STEM শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৩ জুলাই) ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রাথমিক পর্যায় থেকেই STEM-ভিত্তিক ও খেলার মাধ্যমে শেখার শিক্ষা চালু করে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। বর্তমানে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের STEM বিষয়ে আগ্রহী করে গড়ে তুলতে খেলার মাধ্যমে শেখার বা প্লে-বেইজড লার্নিং পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে মানসম্মত প্রাথমিক শিক্ষাকেই সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার বর্তমানে ব্র্যাক ও লেগোসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত প্লে-বেইজড শিক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব সফল মডেল মূল্যায়নের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও STEM ল্যাব চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিকভাবে কয়েকশ বিদ্যালয়ে পাইলট প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের ভাষা, গণিত ও ইংরেজি শিক্ষার অর্জনের হার এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে স্বীকার করেন প্রতিমন্ত্রী। এই বাস্তবতা পরিবর্তনে সরকার শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্লে-বেইজড লার্নিং এবং STEM-ভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
