সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর শূন্য পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর এই শিক্ষকদের নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষকদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে। যোগদানের পরবর্তী ধাপ হিসেবে ২ অক্টোবর তাদের পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পদায়ন কার্যক্রম শেষ হওয়ার পর পর্যায়ক্রমে এই শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত

