পরিবেশ দূষণমুক্ত রাখা, বর্জ্যমুক্ত বাংলাদেশ গড়া এবং যেখানে সেখানে আবর্জনা না ফেলার মতো বিভিন্ন জনকল্যাণকর কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগের কারণে দেশে একটি গুনগত পরিবর্তনের ধারার সূচনা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার সরকারের ‘৫ মাস পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন প্রক্রিয়ায় আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি প্রশাসনের কর্মী ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনাদের কোনো সমর্থন থেকে থাকে, তবে আসুন সেটি আমরা ভোটের বক্সে প্রতিফলন ঘটাই।’ তিনি আরও উল্লেখ করেন, সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’ প্রেস সচিব প্রশ্ন রাখেন, এই বার্তার গুরুত্ব কয়টি পত্রিকা বা টেলিভিশন যথাযথভাবে প্রচার করেছে? তিনি বলেন, সংবাদকর্মী ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের উদ্দেশ্য স্বচ্ছ হলে আমরা সবাই মিলে আলোর পথে এগিয়ে যেতে পারব। এমন গল্পের, ছড়ার এবং মূল্যবোধের বাংলাদেশ গড়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য বলে তিনি জানান।
একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তবে তিনি কিছু সাংবাদিকের পরিবেশিত সংবাদকে ‘অপসাংবাদিকতা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। কারণ বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাসী। সম্প্রতি একটি আন্দোলনের সময় ঘটনাস্থলে থাকা কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করেছেন এবং আন্দোলনকারীদের উসকানি দিয়েছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট স্বৈরাচার দেশটিকে ঋণে জর্জরিত ও বিভিন্ন প্রতিষ্ঠানকে অকার্যকর করে রেখে গেছে। বর্তমান সরকারের বয়স মাত্র পাঁচ মাস, তাই এই সময়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, আশরোফা ইমদাদ ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির উপস্থিত ছিলেন।

