পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং (Universitas Negeri Padang)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পাশাপাশি প্রতিষ্ঠানটির উদ্যোগে "উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা" শীর্ষক একটি সেমিনারও আয়োজিত হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া। এছাড়া ইউনিভার্সিটি নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক প্রসঙ্গে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক সহযোগিতার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ডিন অধ্যাপক ড. ইউকিফলি বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং যৌথ গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত