রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সেটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সোমবার সকালে উদ্যানটি পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কবলে পড়ে এই বিনোদন কেন্দ্রের ঐতিহ্য ও অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে এটিকে আধুনিকায়নের আওতায় আনা হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে গড়ে তুলতে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, বর্তমানে চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী, তা খতিয়ে দেখতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
একই সফরে প্রতিমন্ত্রী রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নিরাপদ মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের লক্ষ্যে সিটি কর্পোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
