ঢাকার সাভারের মজিদপুর দিঘীরপাড় মসজিদ বাড়ি এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় পোশাকশ্রমিক এক দম্পতি গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন মো. কায়সার (২৮) এবং তার স্ত্রী মোছা. রুবি আক্তার (২৪)। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোব্বারপাড়া গ্রামে। ঘটনার পর রাত ৩টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের হাসপাতালে নিয়ে আসা কায়সারের বাবা মো. সিমান শেখ জানান, রাতে নিজ ঘরে মশার কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাতে যান তারা। এ সময় পুরো কক্ষে জমে থাকা গ্যাসে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্বামী-স্ত্রী দুজনেই দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানিয়েছেন, কায়সারের শরীরের ১০০ শতাংশ এবং রুবির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

