বলিউড সুপারস্টার ও নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খানের নেতৃত্বে বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস রচিত হলো। নাইট রাইডার্স গ্রুপ নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার অনন্য নজির স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি-নির্মিত এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি।
নতুন এই ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর অভিষেক ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ওয়াশিংটন ফ্রিডম মুখোমুখি হয়। এই স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি শুধুমাত্র একটি খেলার মাঠ নয়, বরং লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ। বিশ্বমানের অবকাঠামো নির্মাণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে নাইট রাইডার্স গ্রুপের প্রতিশ্রুতির প্রতিফলন এই প্রকল্পটি।
এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে শাহরুখ খান এক বিবৃতিতে বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই অংশীদারত্বের মাধ্যমে আমরা শুধু একটি ক্রিকেট স্টেডিয়ামই গড়ে তুলছি না, বরং এমন একটি স্থান তৈরি করছি যেখানে সম্প্রদায়ের বন্ধন, উদযাপন এবং বিনোদনের সমন্বয় ঘটবে।
তিনি আরও যোগ করেন, এটি কেবল খেলাধুলার জন্য নয়, বরং পরিবার এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরির একটি জায়গা। আমাদের আশা, এই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানায় পরিণত হবে এবং আগামী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে। এই স্টেডিয়ামটি লস অ্যাঞ্জেলেসের সাধারণ মানুষ, বিশ্বের ক্রিকেটপ্রেমী এবং পুরো নাইট রাইডার্স পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে।

