রাজধানী ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে পৃথক ২ টি বিজ্ঞপ্তির মাধ্যমে অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কবলে পড়তে পারে এমন অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিজ্ঞপ্তিতেও একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের ৪৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এবং ৮৮ নম্বর সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
