চীনে বিনা মূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ: আবেদন করবেন যেভাবে

চীনের বেইজিংয়ে অবস্থিত সিনহুয়া ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।

১৯১১ সালে যাত্রা শুরু করা সিনহুয়া ইউনিভার্সিটি চীনের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বখ্যাত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টিতে ২০টি স্কুল ও ৫৭টি বিভাগ রয়েছে। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও লিটারেচার, সোশ্যাল সায়েন্স এবং মেডিসিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়নের জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে সমবেত হন।

নির্বাচিত শিক্ষার্থীরা যে সব সুযোগ-সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে টিউশন ফি মওকুফ, বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, বইপত্র কেনার জন্য ভাতা, স্বাস্থ্যবিমা এবং ভ্রমণ ভাতা। এসব সুবিধা মূলত শিক্ষার্থীদের থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ১ আগস্ট ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের নিচে হতে হবে। এছাড়া আবেদনকারীদের নেতৃত্বের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আবেদনপত্রের সাথে ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে টোয়েফল আইবিটি স্কোর ১০০, আইইএলটিএস-এ সর্বনিম্ন ৭ স্কোর, অথবা কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২)-তে ন্যূনতম ১৮৫ স্কোর থাকা আবশ্যক।

প্রয়োজনীয় নথিপত্রের তালিকায় রয়েছে জীবনবৃত্তান্ত (সিভি), অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তিনটি রেফারেন্স লেটার, আইইএলটিএস স্কোর, স্টেটমেন্ট অব পারপাস, লিডারশিপ পারপাস প্রবন্ধ এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।