সিডনিতে দর্পণের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

সিডনিতে দর্পণের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দর্পণের উদ্যোগে একটি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে (রবিবার) সকালে প্যারামাট্টায় অবস্থিত অস্ট্রেলিয়ান রেড ক্রস লাইফব্লাড কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচিতে দর্পণ পরিবারের সদস্যসহ স্থানীয় কমিউনিটির সদস্যরাও অংশগ্রহণ করেন। মোট ১৬ জন রক্তদাতা এই উদ্যোগে অংশ নিয়ে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রক্তদান কর্মসূচির মাধ্যমে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের সহায়তায় অবদান রাখার পাশাপাশি অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা খাতে নিরাপদ রক্তের চাহিদা পূরণেও সহায়ক ভূমিকা রাখা হয়েছে বলে আয়োজকরা জানান।

দর্পণের নেতৃবৃন্দ বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজের বিভিন্ন সংগঠন ও সামাজিক গোষ্ঠীরও এই ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন বলে তারা মনে করেন।

তারা আরও বলেন, কমিউনিটিভিত্তিক রক্তদান কর্মসূচি কেবল জীবন রক্ষায় সহায়তা করে না, বরং পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকেও আরও শক্তিশালী করে তোলে। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও দর্পণ সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং সেবা, সহমর্মিতা ও দানশীলতার সংস্কৃতি বিকাশে কাজ করে যাবে।