জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য বিশেষ কর প্রণোদনার ঘোষণা দিয়েছে। নতুন আয়কর আইন, ২০২৩-এর আওতায় করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি এনবিআর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তারা এই বিশেষ সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা তাদের রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে ছাড় পাবেন। তবে এই ছাড়ের পরিমাণ কোনোভাবেই ২৫ হাজার টাকার বেশি হবে না।
এনবিআর তাদের বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করেছে যে, এই প্রণোদনা শুধুমাত্র নির্ধারিত সময়ের জন্যই প্রযোজ্য। অর্থাৎ, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য কোনো ধরনের কর প্রণোদনা বা ছাড় সুবিধা রাখা হয়নি।

