ঠাকুরগাঁওয়ে জিংক ধানের আবাদ সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত

পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি এবং জিংকসমৃদ্ধ ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গত রবিবার (৭ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে শস্য ভ্যালু চেইন অ্যাক্টরদের নিয়ে এই সভার আয়োজন করে ইএসডিও। ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে হারভেস্টপ্লাস বাংলাদেশ সহযোগিতা প্রদান করে।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের অভাবে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি এবং জিংকসমৃদ্ধ ধানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা উল্লেখ করেন যে, ব্রিধান-১০২, ব্রিধান-১০০, ব্রিধান-৮৪ এবং ব্রিধান-৭৪ জাতের জিংকসমৃদ্ধ ধান দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তারা কৃষকদের প্রতি জিংক ধানের আবাদ বাড়ানো এবং জিংকসমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনায় আরও জানানো হয় যে, কৃষকরা ‘কৃষকের অ্যাপস’ ব্যবহার করে তাদের উৎপাদিত জিংকসমৃদ্ধ ধান সরাসরি সরকারি খাদ্য বিভাগের গুদামে বিক্রি করতে পারবেন। এর ফলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিসের ফুড ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন এবং রাণীশংকৈল বণিক সমিতির সদস্য মো. মনতাসীর আল মামুন।

এছাড়াও, হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুল কবির, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম এবং ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।