গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রাফি (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে বুধবার বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত তসলিমা আক্তার মিম ওই এলাকার হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম রাফি একই এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু দুটি বাড়ির পাশে জাহিদুল ইসলামের পুকুরে গোসল করতে গিয়েছিল। গোসলের একপর্যায়ে তারা পানির গভীরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এই ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।