ইরানে রাতভর মার্কিন সামরিক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালী

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তীব্র উত্তেজনার জেরে ইরানে রাতভর একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় দেশের মধ্যে বর্তমানে বাকযুদ্ধ তুঙ্গে রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, সাম্প্রতিক দিনগুলোতে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল, এবারও একইভাবে হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং প্রণালীতে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির সঙ্গে জড়িত সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু, বিশেষ করে একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টিও যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ১০ মিনিটে দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একই সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh