রাজধানীর কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অপর দুজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাত সাড়ে ১১টার দিকে এলাকায় ৭-৮ জন ব্যক্তি আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখনই অস্ত্রধারী ৩ জন দুর্বৃত্ত সেখানে এসে অতর্কিতে গুলি বর্ষণ শুরু করে। হামলাকারীরা গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। পরবর্তীতে স্থানীয় জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।