পপতারকা ফেরদৌস ওয়াহিদ ও জীবনমুখী গানের শিল্পী আমিরুল মোমেনীন মানিকের কণ্ঠের নতুন গান ‘সূর্যবার’ ইউটিউবের ‘মানিক মিউজিক’ চ্যানেলে মুক্তি পেয়েছে। সংকটে ঘেরা এই সময়ে মানুষের মনে নতুন আশার আলো জ্বালাতেই গানটি তৈরি করা হয়েছে। পিজিত মহাজনের সুরে এবং অটমনাল মুনের সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন মানিক নিজেই। ফেরদৌস ওয়াহিদ বলেন, বর্তমান জীবনে প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ ও বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটছে, যার ফলে মানুষ হতাশায় ডুবছে। এই অন্ধকারের বিপরীতে দাঁড়িয়ে মানুষের হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করতেই তাদের এই প্রয়াস।
গানের সুর ও কথা নিয়ে সন্তোষ প্রকাশ করে ফেরদৌস ওয়াহিদ জানান, বহুদিন পর এমন বাস্তবধর্মী গানে কণ্ঠ দিতে পেরে তিনি আনন্দিত। তার মতে, ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বাংলা গানের জগতে এই সৃষ্টিটি বড় ধরনের প্রভাব ফেলবে। অন্যদিকে, আমিরুল মোমেনীন মানিক জানিয়েছেন যে, ‘সূর্যবার’ মূলত অশুভ অন্ধকারের বিরুদ্ধে এক আশাজাগানিয়া গান। প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং সময়ের সঙ্গে এটি আরও সমাদৃত হবে বলে তিনি আশাবাদী।
আশির দশকের জনপ্রিয় এই পপ তারকা ফেরদৌস ওয়াহিদের কালজয়ী গানগুলো এখনো মানুষের কাছে সমান জনপ্রিয়। অপরদিকে, আমিরুল মোমেনীন মানিক ২০০৫ সালে ‘মা যে দশ মাস দশ দিন’ গানটির মাধ্যমে সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরবর্তীতে নচিকেতা চক্রবর্তীর সাথে গাওয়া ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’ ও ‘সকাল হবে কি’ গানগুলোর মাধ্যমে তিনি সংগীতে নিজের অবস্থান শক্ত করেন। সাংবাদিকতায়ও অবদান রাখা মানিক ২০১১ সালে ‘ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ইউটিউব জার্নালিজমের প্রবর্তক হিসেবে ‘চেঞ্জটিভি. প্রেস’ প্রতিষ্ঠা করা মানিক বর্তমানে হামদর্দ বাংলাদেশের পরিচালক (তথ্য ও গণসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

