কোরআনের আয়াত খচিত লকেট পরায় কারিনা কাপুরকে আইনি নোটিস

দীপাবলি উপলক্ষে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে। ভারতের কংগ্রেস নেতা ও জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ গত ১১ নভেম্বর এই আইনি নোটিসটি পাঠান। নোটিসে তিনি ব্যক্তিগত সক্ষমতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে স্পষ্ট করেছেন, যা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয়।

নোটিসে কারিনা ও রিয়া কাপুরের কাছে বেশ কিছু দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট সব ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ থেকে বিরত থাকার নিশ্চয়তা প্রদান করা। তবে এখন পর্যন্ত এই নোটিসের বিষয়ে কারিনা কাপুর খান বা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিতর্কের সূত্রপাত গত দীপাবলিতে কারিনা কাপুরের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত কিছু ছবি থেকে। ছবিগুলোতে তাকে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান এবং পাগড়ির সঙ্গে ৩০ ক্যারেটের ওই পান্নার লকেটটি পরতে দেখা যায়। রিয়া কাপুর দাবি করেছেন, গয়নাটি ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহাসিক সম্পদ; এটি নবাবের ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না দিয়ে তৈরি করা। লকেটটিতে সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত অর্থাৎ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা ছিল।

নোটিসদাতা আব্বাস হাফিজের ভাষ্য অনুযায়ী, তার আপত্তি কারিনার পোশাক বা রাজপরিবারের ঐতিহ্যবাহী অলংকার ব্যবহারের বিরুদ্ধে নয়, বরং অলংকারটির উপস্থাপনা নিয়ে। তার মতে, পবিত্র কোরআনের আয়াত খচিত অলংকার ব্যবহারের ক্ষেত্রে যথাযথ ধর্মীয় মর্যাদা ও পবিত্রতা বজায় রাখা প্রয়োজন। কিন্তু কারিনার উপস্থাপনা এবং এর প্রেক্ষাপট সেই মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এছাড়া অনেক ইসলামি পণ্ডিত অলংকার হিসেবে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়ে আসছেন। আব্বাসের দাবি, লকেটটির এই ধরনের প্রদর্শনী মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি ভোপাল রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মনেও কষ্ট ও উদ্বেগের সৃষ্টি করেছে।