নেগেটিভ চরিত্রেও দর্শকের ভালোবাসা পাচ্ছেন দীপা খন্দকার

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের অভিনয় ক্যারিয়ারে সাম্প্রতিক সময়ে নতুন মোড় এসেছে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকে ফুপু চরিত্রে অভিনয়ের পর তার ব্যস্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নাটকের একটি পজিটিভ চরিত্র দর্শকের মনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে, তা এই অভিনয়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ফুপু চরিত্রটি দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়েছে যে, রাজেরই নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-তে দীপা খন্দকার একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও দর্শক তা বেশ ভালোভাবে গ্রহণ করছেন।

রুকাইয়া নামের নেগেটিভ চরিত্রটি নিয়ে শুরুর দিকে কিছুটা চিন্তিত ছিলেন দীপা। তিনি বলেন, নাটকটি প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে সংশয় ছিল। তবে বর্তমানে প্রচারিত পর্বগুলোতে চরিত্রের নেগেটিভ দিকটি দর্শক খুব একটা নেতিবাচকভাবে দেখছেন না। দীপার মতে, ফুপু চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন, তার কারণেই নেগেটিভ চরিত্রটি তারা সুন্দরভাবে গ্রহণ করেছেন। একজন শিল্পী হিসেবে এটিই তার বড় প্রাপ্তি। নিজের এই সাফল্যের জন্য তিনি দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পরিচালক রাজের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। এদিকে, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্মাতা রাজের আরেকটি একক নাটকের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।