স্বাধীনতার ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি

স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পার হলেও বাংলাদেশ এখনও অনেক মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গভীর হতাশা ব্যক্ত করেন।

বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের প্রাণহানি, বাসে অগ্নিসংযোগ এবং কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন রাখেন, আমরা কোন জাতি এবং নিজেদের ধ্বংসের দিকে কেন ধাবিত হচ্ছি? এই নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে।

দেশের গণতন্ত্রের ইতিহাসে শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত ছাত্ররাই পরিবর্তনের অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তনের স্বপ্ন দেখলেও, দুর্ভাগ্যবশত সেই আকাঙ্ক্ষা সবসময় সফল হয়নি। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে চব্বিশের আন্দোলন পর্যন্ত, এই পুরো সময়টা জুড়ে ছাত্ররা বেরিয়ে এসেছে। তারা পরিবর্তন চেয়েছে, সমাজকে পরিবর্তন করতে চেয়েছে এবং পুরো ব্যবস্থাটাই বদলে দিতে চেয়েছে। যেখান থেকে সবচাইতে সৃজনশীল মানুষেরা এসেছেন।

ঐতিহ্যবাহী ঢাকা কলেজের বর্তমান আবাসন ও শিক্ষা অবকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এই অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও এখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত হোস্টেল, লাইব্রেরি ও ল্যাবরেটরির অভাব রয়েছে। পাশাপাশি, শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী করার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে বের হলেও চাকরির বাজারে হিমশিম খাচ্ছে। বাস্তবসম্মত এবং কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি জোর দেন। শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো দরকার উল্লেখ করে তিনি বলেন, আমাদের ছেলেরা গ্য্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই, চাকরি নেই। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। ঢাকা কলেজের ছাত্ররা সবসময়ই রাজনৈতিক সচেতন ছিল এবং সংগ্রাম ও লড়াই করেছে।

তিনি আরও বলেন, পূর্বপুরুষ এবং নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। যেখানে পরবর্তী প্রজন্ম মানবিক ও সাম্যের অধিকার নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। শিক্ষকদের প্রতি তার আহ্বান, পাঠদানের বাইরেও শিক্ষার্থীদের মূল্যবোধ, বিবেক ও মুক্তবুদ্ধির চর্চা তৈরিতে তাদের বড় ভূমিকা পালন করতে হবে। পরিশেষে নতুন প্রজন্মের সাহস ও উদ্ভাবনী শক্তির ওপর আস্থা রেখে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, তাদের হাত ধরেই একটি মানবিক সমাজ গঠিত হবে।