চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত থেকে ২৮ জন ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ২৮ জনের মধ্যে ৬ জন শিশু, ১২ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বাঙ্গাবাড়ি বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর আওতাধীন এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃক ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের কারণে সেই প্রচেষ্টা প্রতিহত হয়।
তিনি আরও উল্লেখ করেন, ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
