ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় প্রায় টানা ৪৮ ঘণ্টা অবস্থান করার পর অবশেষে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এর ফলে বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না।
এর আগে গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসএফের ‘পুশইনের’ (অনুপ্রবেশ) চেষ্টার পর ওই ১১ জন মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন।
তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং কয়েকজন শিশু থাকায় বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছিল। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দিতে ব্যর্থ হয়।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা আশ্বস্ত করেছেন।
