চুক্তি ও বিমা ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের চুক্তি ও বিমা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অধীনে ‘ইনসিওরেন্স অ্যান্ড ইনসিওরেন্স প্র্যাকটিসেস ইন কনট্রাক্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এই শর্ট কোর্সটি গত সোমবার (৮ জুন) বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে শুরু হয়। এই প্রশিক্ষণ আগামী ১০ জুন পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৯ জুন) সকালে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ দেশের বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য চুক্তি ব্যবস্থাপনা এবং এর সঙ্গে জড়িত বিমা ঝুঁকি ও তার প্রায়োগিক দিকগুলো সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা আধুনিক চুক্তি ব্যবস্থাপনায় আরও বেশি দক্ষ ও সক্ষম হয়ে উঠবেন, যা দেশের টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশেষ অতিথি আলতাফ হোসেন সেখ প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন চৌধুরী প্রশিক্ষণার্থীদের স্বাগত জানান এবং চুক্তি ব্যবস্থাপনায় বিমার আইনি ও প্রায়োগিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই ৩ দিনব্যাপী শর্ট কোর্সে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে চুক্তি ব্যবস্থাপনায় বিমার প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিমা পলিসি, দাবি উত্থাপন ও নিষ্পত্তি প্রক্রিয়া এবং ঝুঁকি ব্যবস্থাপনার সমসাময়িক বৈশ্বিক ও দেশীয় অনুশীলনসমূহ নিয়ে বিস্তারিত সেশন পরিচালিত হচ্ছে।