হরমুজ প্রণালির ওমান উপকূলের সন্নিকটে আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও শনিবার (১৩ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গত শুক্রবার একটি অজ্ঞাত বস্তু এসে জাহাজটিতে আঘাত হানে।
ইউকেএমটিও-এর তথ্য অনুযায়ী, ওমানের উপকূল থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পূর্বে ট্যাংকার জাহাজটি হামলার শিকার হয়। তবে, এই ঘটনায় জাহাজের ক্রুরা সম্পূর্ণ সুস্থ আছেন এবং পরিবেশগত কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর ট্যাংকারটি তার নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখে।
উল্লেখ্য, গত সপ্তাহে ওমান উপকূলে দুটি জাহাজে যুক্তরাষ্ট্রের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন। এর মধ্যেই নতুন করে আরেকটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটল, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।
নিজেদের তিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ভারত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটি পরপর দুইবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে তাদের অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন যে, হরমুজে ইরানি বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপ করেছে, তা সবাইকে মেনে চলতে হবে।
রুবিও এস জয়শঙ্করকে আরও বলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল নির্দেশনা মেনে চলতে হবে। হরমুজে মার্কিন অবরোধের কোনো ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না।
জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে রুবিও সুস্পষ্টভাবে উল্লেখ করেন, ‘‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।’’ বর্তমানে ইউরোপ সফরে থাকা জয়শঙ্কর এই ফোনালাপে ওমান উপসাগরে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের বিষয়টি উত্থাপন করেন।
চলতি সপ্তাহে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ওমানের কাছে হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ওই হামলা চালিয়েছিল। সেই হামলায় জাহাজে থাকা তিন ভারতীয় নাবিক প্রাণ হারান। সূত্র: রয়টার্স
