কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি ভাইবা দিতে এসে ৪ জন গ্রেপ্তার
কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীদের পক্ষে মৌখিক পরীক্ষা (ভাইবা) দিতে আসা চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে শহরের এনএস রোডে একতারা মোড়ে অবস্থিত কর অঞ্চলের কুষ্টিয়ার অস্থায়ী কার্যালয় থেকে তাঁদের আটক করে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। পরে মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।
আটক ব্যক্তিরা এদিন বিকেলে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রের ছবিতে জালিয়াতি করা হয়েছে এবং তাঁরা অন্য প্রার্থীর হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
কর অঞ্চল কুষ্টিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ মে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ৬টি পদে মোট ১২২ জনকে নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গত ৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গতকাল মঙ্গলবার ছিল পদগুলোর বিপরীতে মৌখিক পরীক্ষা।
এ বিষয়ে জানতে চাইলে কর অঞ্চল কুষ্টিয়ার কর কমিশনার মহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি, তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, কর অঞ্চল কুষ্টিয়া কর্তৃপক্ষ থানায় একটি মামলা করেছে। এই মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। চারজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রক্সি ভাইবা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ জড়িত থাকেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
