ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস কার্যকর থাকবে।
পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, এটি প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় রেকর্ডকৃত তথ্যানুযায়ী, ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। এছাড়া আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার (২৯ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
