উত্তরায় ট্রেনের ধাক্কায় দিনমজুর নারীর মর্মান্তিক মৃত্যু

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় শাহনাজ বেগম (৫৫) নামের এক দিনমজুর নারী নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল সুন্দর আলী। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।

নিহত শাহনাজ বেগম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মৃত মিলন মিয়ার স্ত্রী ছিলেন। তিনি বর্তমানে টঙ্গী রেলগেট এলাকায় বসবাস করতেন।

নিহতের ছেলে সুজন জানান, ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে মায়ের মরদেহ শনাক্ত করেন। তার মা পেশায় দিনমজুর ছিলেন এবং উত্তরার আজমপুরে ডালাইয়ের কাজ শেষে বাসায় ফিরছিলেন। ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুদিক থেকে আসা দুটি ট্রেনের মাঝামাঝি পড়ে যান তিনি। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে রেলওয়ে থানা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।