বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি (এআই) ব্যবহার করে এক আসামির জার্সি পরিবর্তনের গুরুতর অভিযোগ উঠেছে। ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় ব্রাজিল সমর্থকদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরিস্থিতি বেগতিক দেখে পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গণমাধ্যম শাখার পক্ষ থেকে একটি সংশোধিত বার্তা পাঠানো হয়। সেখানে পরিবর্তিত ছবিটি সরিয়ে সঠিক ছবি ও তথ্য আবারও ইমেইল ও মেসেজিং গ্রুপের মাধ্যমে প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপরিদর্শক তানজিল আহমেদ দাবি করেছেন যে, এটি শুধুমাত্র ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটকের সময় তার গায়ে আর্জেন্টিনার একটি জার্সি ছিল। কাউনিয়া থানার পুলিশ তাকে আটকের পর জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে সেটি মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় পাঠায়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই শাখার দায়িত্বপ্রাপ্তরা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি থেকে আর্জেন্টিনার জার্সি সরিয়ে সেখানে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন।
রাসেল হাওলাদারকে আটকের বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘেরসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় একটি মামলা করেছে, যেখানে আটক রাসেল হাওলাদার ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।
