ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্যকে গুলি করে হত্যা

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুক হামলার ঘটনায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন এবং আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এই হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

আইআরজিসি এই ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। নিহত দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য ছিলেন, তবে নিরাপত্তা স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় আহত হয়েছেন আরও দু’জন।

ঘটনার কারণ উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে আইআরজিসির পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।