হোমনায় বাখরাবাদ গ্যাস কোম্পানির গ্রাহক সেবা বিষয়ক অংশীজন সভা

কুমিল্লার হোমনা উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ শীর্ষক একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সোলায়মান।

সভায় স্থানীয় গ্রাহক ও সংবাদকর্মীরা গ্যাস সরবরাহ পরিস্থিতি, গ্যাসের স্বল্পতা এবং কম চাপের মতো বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। এসব প্রশ্নের জবাবে বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ বর্তমানে গ্যাস সরবরাহ পরিস্থিতি এবং সেবার বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া গ্রাহকসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের হোমনা উপজেলায় নিরবচ্ছিন্ন ও যথাযথ গ্যাস সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে বিজিডিসিএল কর্তৃপক্ষকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার।

অনুষ্ঠানটিতে কোম্পানির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশা, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ এবং ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্তসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।