যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও জানাজায় অংশ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, মোদি এই আয়োজনে সশরীরে অংশ নিচ্ছেন না।
তেহরানের পক্ষ থেকে ভারত ছাড়াও পাকিস্তান, ইরাক, আফগানিস্তান, লেবানন, সিরিয়া, চীন ও রাশিয়াসহ আরও বেশ কয়েকটি রাষ্ট্রকে এই শোকানুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক মহলের একটি অংশের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্ত নিয়েছেন।
নরেন্দ্র মোদি নিজে উপস্থিত না থাকলেও তার পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধিদল খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান রওনা হচ্ছে। এই প্রতিনিধিদলে রয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মারগারিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন।
