ভ্যান ডাইককে দলে পেতে মরিয়া এসি মিলান

বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। ইতালির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভারপুল অধিনায়ক ভির্জিল ফন ডাইককে দলে ভেড়াতে প্রবল আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। মিলানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ দলের রক্ষণভাগ শক্তিশালী করতে একজন অভিজ্ঞ সেন্টার-ব্যাক খুঁজছেন, আর তার পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন ফন ডাইক।

সম্প্রতি প্যারিস সেন্ট-জার্মেইর স্ট্রাইকার গনসালো রামোসকে দলে নেওয়ার পর এবার রক্ষণভাগের দিকে নজর দিয়েছে মিলান। তবে ডাচ ডিফেন্ডারের সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর অবশিষ্ট রয়েছে। এমতাবস্থায় ইব্রাহিমা কোনাতের দলবদলের পর লিভারপুল কর্তৃপক্ষ তাদের অধিনায়ককে ছেড়ে দিতে কতটা আগ্রহী হবে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে।

যদি ফন ডাইককে দলে নেওয়া সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবেও পরিকল্পনা সাজিয়ে রেখেছে এসি মিলান। সেক্ষেত্রে তাদের নজরে রয়েছেন গনসালো ইনাসিও। তুলনামূলক কম বেতনে খেলা এই ডিফেন্ডারকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে ইতালির ক্লাবটি।