অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছে স্পেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে আয়োজিত এই লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটিতে শুরু থেকেই স্পেনের আধিপত্য লক্ষ্য করা গেছে।

ম্যাচের শুরুর দিকে রালফ রাংনিকের কৌশলে অস্ট্রিয়া কিছুটা সংগঠিত ফুটবল খেলার চেষ্টা করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মাঝমাঠে রদ্রি, পেদ্রি ও দানি ওলমোর সমন্বয়ে একের পর এক আক্রমণ তৈরি হতে থাকে। প্রথমার্ধের ৩০ মিনিটের দিকে স্পেন একবার জালে বল জড়ালেও গোলটি বাতিল হয়। মার্ক কুকুরেয়ার নেওয়া শট থেকে গোল হলেও রেফারি ফাউলের সিদ্ধান্ত দেন, যা নিয়ে স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তা ধারাভাষ্যকারদের আলোচনায় উঠে আসে।

তবে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বেশিক্ষণ সময় নেয়নি স্পেন। ম্যাচের ৩৬তম মিনিটে পেদ্রির বাড়ানো দারুণ পাস থেকে কুকুরেয়া বল খুঁজে পান। তার নিখুঁত ক্রস থেকে মিকেল ওইয়ারসাবাল লক্ষ্যভেদ করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

গোল হজম করার পর অস্ট্রিয়া ম্যাচে ফিরতে পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়েছে। রোমানো স্মিড ও মিখায়েল গ্রেগোরিশ গোল পরিশোধের কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে, স্পেন বিরতির আগে ব্যবধান বাড়ানোর আরও কিছু সুযোগ পেলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণের সংখ্যায় স্পষ্ট আধিপত্য থাকলেও অস্ট্রিয়া লড়াইয়ে টিকে থাকায় দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।