অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে যুবক কারাগারে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে শুভ ইসলাম রিয়ন (২১) নামের এক যুবক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। দণ্ডপ্রাপ্ত রিয়ন পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২ জুলাই) পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, পরীক্ষা চলাকালীন দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে রিয়নের পরিচয় যাচাই করা হয়। এ সময় বেরিয়ে আসে যে, তিনি পৌরসভার প্রজাপাড়া এলাকার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। পরে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় বিচারক শুভ ইসলাম রিয়নকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।