কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছেলে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মৃত আইনুদ্দিনের ছেলে মো. বিপ্লব (৫০) ও তার ছেলে মো. বিজয় (২৫)-কে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, তল্লাশিকালে তাদের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার পাত্রের ভেতর থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করে থানায় নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মো. বিপ্লবকে ছেড়ে দেওয়া হলেও, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের ঘটনায় মো. বিজয়কে থানায় রেখে আইনি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকের উৎস অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

