বেলুচিস্তানে বাস খাদে পড়ে ৪০ জনের মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্ত অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী এই দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে উদ্ধার কার্যক্রম শুরু হয়। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথিমধ্যে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীদেরও এতে তোলা হয়। খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। ঝোবের জরুরি সেবা ও রেসকিউ ১১২২-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

আহত আটজনকে ঝোব জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে কাছের একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও শোক জানিয়ে উদ্ধার অভিযান জোরদার করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এর আগেও খাইবার পাখতুনখোয়ায় লোয়ার দির এবং আপার চিত্রালে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।